জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্য পরিবহনের ভাড়া নিয়ে মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকার মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে গত ১৫ দিন ধরে জাহাজটি কেটে ফেলা হয়। অভিযোগের ভিত্তিতে গত ২৪ নভেম্বর জাহাজের মালিক রাকেশ শর্মা সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—জাফর (৪২), শাহাদাত (৩৫), ইকবাল (৪২), নজরুল ইসলাম (৪৭), এমদাদুল হক, জাফর (৪৫) ও হোসেন (৩৩)। তাদের মধ্যে শাহাদাত সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি এবং শিপইয়ার্ড মালিক রফিকুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রথম আসামি জাফরের সঙ্গে যোগসাজশ করে শাহাদাত চলতি মাসের ১ তারিখে চট্টগ্রাম থেকে ‘ডিবি’ নামের একটি ডাম্ব বার্জ এক মাসের জন্য ভাড়া নেন। ভাড়ার পরিমাণ ছিল ৭ লাখ ২০ হাজার টাকা। কিন্তু জাহাজটি পণ্য পরিবহনে না নিয়ে গিয়ে সোনারগাঁয়ের ওই শিপইয়ার্ডে উঠিয়ে কেটে ফেলে প্লেট বিক্রি করে দেওয়া হয়।

জাহাজের এক কর্মচারীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে মালিক রাকেশ শর্মা ঘটনাস্থলে গিয়ে জাহাজ কাটা অবস্থায় দেখতে পান। তার দাবি, এতে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাকেশ শর্মা বলেন, “পণ্য পরিবহনের জন্য জাহাজ ভাড়া দেওয়া হলেও বিএনপি নেতাকর্মীরা সিন্ডিকেট করে সেটি কেটে বিক্রি করে দিয়েছে।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

অভিযুক্তদের একজন এবং শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।”

error: Content is protected !!