জুলাই আন্দোলনের চেতনা নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভবিষ্যতে এই আন্দোলনের তরুণরাই বিশ্ব নেতৃত্বে আসবে। একই সঙ্গে প্রযুক্তি খাতে অগ্রসর হতে দেশে জালিয়াতির প্রথা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (দুপুরে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “জুলাই আন্দোলন যেমন একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত খুলে দেবে।”
তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের ঘটনায় যে গণবিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই পরবর্তীতে বড় রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে। তার মতে, সেই আন্দোলনের সাহসী তরুণরাই একদিন বিশ্বপর্যায়ে নেতৃত্ব দেবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ জালিয়াতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। প্রযুক্তি ও উদ্ভাবনে এগোতে হলে এই অনিয়ম বন্ধ করা জরুরি।
তার ভাষায়, “আমরা বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সক্ষমতা আছে, শুধু সততা ও দক্ষতার সমন্বয় প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবন, ডিজিটাল ডিভাইস ও স্টার্টআপ উদ্যোগ প্রদর্শিত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ আয়োজন দেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করবে।