জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল একটি জাতীয় মুক্তির সংগ্রাম, যা নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মন্তব্য করেন তিনি।
শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এটি জাতির মুক্তি সংগ্রাম হিসেবে স্বীকৃত। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন ছিল দাবি করে কারফিউ জারির যৌক্তিকতা দেখানোর সুযোগও নেই।
এ সময় ট্রাইব্যুনালকে তিনি জানান, ইতিহাস ও রাষ্ট্রীয় স্বীকৃতির আলোকে জুলাই আন্দোলনের চরিত্র সুস্পষ্ট, এবং তা বিকৃত করার কোনো সুযোগ নেই।
এর আগে শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবীরা দাবি করেন, জুলাই মাসে কারফিউ জারি করা হয়েছিল জনগণের জানমাল রক্ষার স্বার্থে।