জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জড়িতদের খুঁজছে পুলিশ

উজ্জ্বল হোসেন | উপজেলা প্রতিনিধি ,শরীয়তপুর:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

শরীয়তপুরে নিহত শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি সামনে আসে। জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এক অজ্ঞাত ব্যক্তি আগুন দিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ।”—এমন মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

পরে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কখন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

error: Content is protected !!