জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, জুলাই সনদ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েই বিএনপি সরকারের পথচলা শুরু হয়েছে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, শপথ সংক্রান্ত বিএনপির সিদ্ধান্ত জুলাই আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন।

এর আগে সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সূচনার আগে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেবেন না।

এ সময় তিনি সাদা ও নীল রঙের দুটি ফরম প্রদর্শন করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ এখনো সাংবিধানিক কাঠামোর অংশ নয়। গণভোটের মাধ্যমে যদি এ ধরনের পরিষদ গঠনের সিদ্ধান্ত আসে, তবে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—কে এই পরিষদের সদস্যদের শপথ পড়াবেন, সেই বিধানও স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংবিধানের তৃতীয় তফসিলে প্রয়োজনীয় সংশোধন এনে সংসদে অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্ধারণ করা সম্ভব। দলের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, সংবিধান মেনেই বিএনপি অতীতে চলেছে এবং ভবিষ্যতেও চলবে।

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। শপথ ও সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান এবং তার বিপরীতে ওঠা সমালোচনা আগামী দিনে জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

error: Content is protected !!