জ্বালানি খাতে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় সম্ভাব্য জ্বালানি সংকট সামাল দিতে ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বিদ্যমান চুক্তির আওতায় প্রতি মাসে সরবরাহকৃত ১৫ হাজার টন ডিজেলের পাশাপাশি অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি চাওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, বাংলাদেশ সরকারের পাঠানো চিঠি গ্রহণ করা হয়েছে এবং তা দ্রুত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে শক্তিশালী সহযোগিতা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও জ্বালানি পাইপলাইন চালু রয়েছে এবং এই সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে ভারত থেকে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হলো মৈত্রী পাইপলাইন। ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়।

বর্তমান চুক্তি অনুযায়ী, এই পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টন ডিজেল বাংলাদেশে আসে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এর বাইরে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে সরকার।

দেশ এডিশন/আরএন

error: Content is protected !!