কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্র জানায়, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।
এলাকাবাসীর দাবি, আগের রাতেও একই এলাকায় একাধিকবার গুলির শব্দ শোনা গেছে। এতে বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই ঘরের ভেতরে অবস্থান করেও অনিরাপদ বোধ করছেন বলে জানান।
স্থানীয়দের অভিযোগ, ওই পাহাড়ি এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে হালনাগাদ জানানো হবে।