ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে।
ডা. তাসনিম জারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের দলীয় অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, “আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।”
ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানাকে নিয়ে গঠিত। এই আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।
ঢাকা-৯ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আগেভাগেই তীব্র হতে পারে।