তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর আপিল বিভাগ এই বিষয়ে রায় ঘোষণা করেছিল।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে এই ব্যবস্থা বিলুপ্ত হয়।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০১১ সালের সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হলে সর্বোচ্চ আদালত বিষয়টি নতুন করে শুনানির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিলের পূর্ববর্তী রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।

এ রায়ের ফলে দেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশ এডিশন-এর সাথে থাকুন সর্বশেষ খবর পেতে।

error: Content is protected !!