তরমুজ চাষের জমি নিয়ে বিরোধ, বাউফলে প্রাণহানির ঘটনা

তূর্য্য রায়
প্রকাশ: ৩ ঘন্টা আগে

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল কর্মকার কালাইয়া ইউনিয়নের সদর রোড এলাকার মৃত অজিত কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ গাজী নামের এক কৃষক সবুজ ও ফয়সাল নামে দুই ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে সেখানে তরমুজ চাষ করছিলেন। তবে একই জমির মালিকানা দাবি করেন মিজান গাজী। মঙ্গলবার বিকেলে ফিরোজ গাজী তরমুজ কাটতে গেলে নিহত উজ্জ্বল কর্মকার ও তার কয়েকজন বন্ধু নিয়ে সেখানে বাধা দেন মিজান গাজী। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত হন উজ্জ্বল কর্মকার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের অবহেলার কারণেই উজ্জ্বলের মৃত্যু হয়েছে। তারা দাবি করেন, আহতদের উদ্ধার করতে গেলে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি এবং প্রতিপক্ষের লোকজনকে অগ্রাধিকার দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

error: Content is protected !!