তরুণ ও নারীদের গুরুত্ব দিয়ে জামায়াতের নির্বাচনি ইশতেহার

দেশ এডিশন | রাজনীতি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার প্রস্তুত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জনতার ইশতেহার’ শিরোনামে প্রণীত এ ইশতেহারে জনগুরুত্বপূর্ণ ২৫টি বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ইশতেহারে শিক্ষার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী কর্মপরিকল্পনার পাশাপাশি তরুণ ও নারীসমাজের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলটি জানিয়েছে, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইশতেহারটি প্রস্তুত করা হয়েছে, যা ম্যানুয়ালি ও ডিজিটাল—উভয় মাধ্যমেই ভোটারদের সামনে উপস্থাপন করা হবে।

ভোটারদের কাছে ইশতেহারটি আকর্ষণীয়ভাবে তুলে ধরতে অত্যাধুনিক ডিজাইনের কাজ চলমান রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিত সময়সূচি অথবা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারির পর ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনা এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের তত্ত্বাবধানে গঠিত একটি দলীয় কমিটির মাধ্যমে ইশতেহারটি প্রস্তুত করা হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া ‘জনতার ইশতেহার’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হয়। এতে অডিও-ভিডিওসহ প্রায় সাড়ে চার হাজার মতামত জমা পড়ে। প্রাপ্ত মতামতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্যান্য মতামত সংশ্লিষ্ট আর্কাইভে সংরক্ষণ করা হবে, যা আগ্রহীরা পরবর্তীতে দেখতে পারবেন।

error: Content is protected !!