নওগাঁর মান্দা উপজেলায় একটি ফলন্ত পেয়ারা বাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (রাত) উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার মান্দা থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক সোহানুর রহমান জানান, একই গ্রামের মোজাহার হোসেন গংদের কাছ থেকে ২৮ শতক জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে তিনি প্রায় সাড়ে তিন বছর আগে সেখানে পেয়ারা বাগান গড়ে তোলেন। চলতি মৌসুমে বাগানে প্রচুর ফল ধরেছিল বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আজাহার আলী গংরা দীর্ঘদিন ধরে বাগান নিয়ে বিরোধ ও হুমকি দিয়ে আসছিলেন। সোমবার রাতের কোনো এক সময়ে প্রতিপক্ষের লোকজন বাগানের সবগুলো পেয়ারা গাছ কেটে ফেলে দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এ ঘটনায় আজাহার আলী, মোজাম্মেল হকসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আজাহার আলীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দেশ এডিশন বিষয়টির অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখবে।