ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গণঅধিকার পরিষদের জোট/সমঝোতা বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পরিস্কার বিবৃতি

দেশ এডিশন | মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদের নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারিত হচ্ছে। এসব তথ্যে দাবি করা হয়েছে যে, গণঅধিকার পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দলের গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় সংসদ, জেলা প্রতিনিধিবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে এক কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে নির্ধারণ করা হয় যে, গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাবে না এবং আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান স্পষ্ট করেন, ২২ ডিসেম্বরের পর থেকে কেন্দ্রীয় পর্যায়ে কোনো নতুন সভা বা সিদ্ধান্ত হয়নি। ফলে বিএনপির সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়েছে—এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা বা সমঝোতায় লিপ্ত থাকে, তবে তা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং গণঅধিকার পরিষদের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।

সর্বশেষে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, ভবিষ্যতে যেন বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার না হয়—সেটি নিশ্চিত করতে গণমাধ্যম, রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

শাকিলউজ্জামান
দপ্তর সম্পাদক, গণঅধিকার পরিষদ

error: Content is protected !!