দলীয় বিবেচনায় বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপি ও দলের অঙ্গ–সহযোগী সংগঠনের আরও ৬৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত এসব নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে তারা দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদে পুনর্বহাল হলেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কুষ্টিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বরগুনা, ঝিনাইদহ, দিনাজপুর, ফেনী, শেরপুর, খুলনা, ঝালকাঠি, লালমনিরহাট, কুমিল্লা, নওগাঁ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের মোট ৬৫ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, ছাত্রদল-যুবদলের সাবেক পদধারী এবং মহিলা দল ও কৃষকদলের নেতৃবৃন্দ। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে পদ স্থগিত হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা–র সব পর্যায়ের পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে আবেদনের ভিত্তিতে কয়েকশ নেতাকর্মীর বহিষ্কার আদেশ বাতিল করেছে বিএনপি। দল পুনর্গঠন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

error: Content is protected !!