দাঁড়িপাল্লা প্রতীকে বেশি ভোট পাওয়ায় মসজিদের ইমামের ওপর হামলা, ডামুড্যায় উত্তেজনা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বেশি ভোট পড়াকে কেন্দ্র করে ডামুড্যা উপজেলা-তে এক মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি শুক্রবার (দুপুরে) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর-নারায়নপুর দেয়ান বাড়ি মসজিদ এলাকায় ঘটে। আহত হাফেজ মাওলানা মনির হুসাইন ওই মসজিদের ইমাম-খতিব ও শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব ডামুড্যা চর-নারায়ণপুর ভোটকেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থীর তুলনায় দাঁড়িপাল্লা প্রতীকে শতাধিক ভোট বেশি পড়ে। এ নিয়ে শুক্রবার স্থানীয় যুবদল নেতা আকিব হাওলাদারসহ কয়েকজন ইমামের কাছে এসে দাঁড়িপাল্লা কেন বেশি ভোট পেয়েছে—এ বিষয়ে প্রশ্ন করেন।

ইমাম মনির হুসাইন জানান, তিনি ভোট গণনা বা কারও ভোটের সিদ্ধান্তের সঙ্গে জড়িত নন। এ কথা বলার পর তাকে রুম থেকে টেনে বের করে মারধর করা হয় এবং নামাজের পর মসজিদে পেলে হত্যার হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়। জুম্মার নামাজের সময় মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে রুম থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই ঘটনায় স্থানীয় মুসল্লি শামিম দেওয়ান চেয়ারম্যানকে জানালে তাকেও ‘জামায়াত কর্মী’ ট্যাগ দিয়ে মারধরের অভিযোগ ওঠে। এতে তার মুখমণ্ডলে গুরুতর জখম হয়।

স্থানীয় মুসল্লি ইলিয়াস হোসাইন বলেন, “নির্বাচনের ফলাফল নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু একজন ইমামের ওপর এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।” আহত ইমাম মনির হুসাইন বলেন, “আমি শুধু বলেছিলাম—আমি এক ভোটের মালিক, সবাই আমার কথায় ভোট দেবেন এমন নয়। যেখানে ইচ্ছা মানুষ ভোট দিয়েছেন। এতে আমার দোষ কোথায়? আমি কোনো বিদ্বেষ পোষণ করি না, এ হামলার বিচার চাই।”

অভিযুক্ত আকিব হাওলাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কিছুই জানি না। তবে আমার কর্মীরা মারধর করলে করতেও পারে।” এরপর তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে ডামুড্যা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!