দায়িত্ব নিয়েই নগর উন্নয়নে সমন্বয়ের আহ্বান প্রশাসক শওকত হোসেন সরকারের

মোঃ রাসেল মিয়া, গাজীপুর:
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

গাজীপুর সিটি করপোরেশন–এ পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও প্রশাসক শওকত হোসেন সরকার। একই সঙ্গে নাগরিকত্ব সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদপত্র দ্রুত ও হয়রানিমুক্তভাবে ইস্যুর আশ্বাস দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিভিন্ন সংবাদমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি বলেন, “গাজীপুর একটি দ্রুত বর্ধনশীল শিল্পনগরী। পরিকল্পিত নগরায়ণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “নগর উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। নাগরিকদের আস্থা অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।”

নাগরিক সেবায় গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, অপ্রয়োজনীয় দেরি বা হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ অন্যান্য জরুরি সনদ দ্রুত, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ইস্যু নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হটলাইন ও মনিটরিং সেল চালুর কথাও জানান তিনি।

স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার করে শওকত হোসেন সরকার বলেন, উন্নয়ন কার্যক্রমে নিয়মিত তদারকি ও মূল্যায়ন জোরদার করা হবে। সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এদিকে নগরবাসী নবনিযুক্ত প্রশাসকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

error: Content is protected !!