দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যক্ষ সাইয়েদ আহমেদ

মাওলানা ফরহাদ হোসাইন আশরাফী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দীর্ঘ চার বছর বিচারিক প্রক্রিয়ার পর আদালতের রায়ে অবশেষে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চশমা’ প্রতীক নিয়ে অংশ নিয়ে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিজয়ী হন মাওলানা সাইয়েদ আহমদ। তবে পরবর্তীতে উপজেলা পর্যায়ে ফলাফল পরিবর্তন করে তার প্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এ ঘটনায় আদালতের শরণাপন্ন হন সাইয়েদ আহমদ।

দীর্ঘ সাড়ে তিন বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ১৪ মে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান রায়ে মাওলানা সাইয়েদ আহমদকে ৪৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে বিবাদী পক্ষ আপিল করলেও চূড়ান্তভাবে সেই রায় বহাল থাকে। এর ধারাবাহিকতায় তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন।

স্থানীয় জামায়াত নেতা মাওলানা রহিমুল্লাহ বলেন, “২০২২ সালের ৫ জানুয়ারি আমাদের জন্য কষ্টের দিন ছিল। আমরা আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।”

মাওলানা সাইয়েদ আহমদের ছেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ফরহাদ বলেন, “আদালত আমার বাবাকে বৈধ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা সংশ্লিষ্ট আদালত, আইনজীবী ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞ।”

নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহমদ বলেন, “দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ শপথ নিতে পেরেছি। যেখানে ছয় মাসে নিষ্পত্তি হওয়ার কথা, সেখানে সময় লেগেছে চার বছর। এতে এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন। আমি সকল ভোটার ও বাসিন্দার প্রতি কৃতজ্ঞ। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) ফেরদৌসী বেগম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!