দুবাই যেতে গিয়ে বিমানবন্দর থেকে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হামলা, গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়ে শাওনের ভাই ইমরান মাহমুদ বলেন, “ব্যবসায়িক কাজে দুবাই যাওয়ার জন্য সে সকালে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ থেকেই বিষয়টি আমরা জানতে পারি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

তবে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “প্রাথমিকভাবে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি দল ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।”

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। সাংগঠনিকভাবে তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

error: Content is protected !!