দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান:
প্রকাশ: ৪৫ সেকেন্ড আগে

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোনের উদ্যোগে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

গত ৩ মার্চ রুমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার (এসবিপি, পিএসসি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে স্থানীয় জনগণকে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষিত করে তোলার মাধ্যমে স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকাংশে কমানো সম্ভব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাথমিক রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ফার্স্ট এইড ব্যাগ, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ওষুধ, সার্টিফিকেট ও হ্যান্ডবুক বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপঅধিনায়ক মেজর মাহফুজুর রহমান (পিএসসি), ক্যাপ্টেন আরাফ হাসান উদয়, রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

প্রশিক্ষণার্থীরা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ দুর্গম এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

error: Content is protected !!