রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির শুকনো নন্দরাম গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহবধূর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে ঘরটি কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো বসতঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় ৬নং ওয়ার্ডের সদস্য তাপস চাকমা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় ব্যস্ত রয়েছেন বলে জানান।
ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার জন্য স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।