দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া

দেশ এডিশন | এভারকেয়ার হাসপাতাল ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। গুরুতর শ্বাসকষ্টের কারণে তাঁকে বর্তমানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর জন্য গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে প্রকাশিত সর্বশেষ চিকিৎসা আপডেটে মেডিকেল বোর্ডের মুখপাত্র এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এটি সাংবাদিকদের কাছে পৌঁছে দেন।

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার রক্তে অক্সিজেন কমে যাওয়া ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় প্রথমে তাঁকে হাই-ফ্লো নেজাল ক্যানোলা এবং বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় শ্বাসযন্ত্রসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাঁকে ‘ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, তাঁর কিডনি কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। পাশাপাশি পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি জটিলতার কারণে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন প্রয়োজন হচ্ছে।

নিয়মিত ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভালভে জটিলতা ধরা পড়লে ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস শনাক্ত হয়। আন্তর্জাতিক চিকিৎসা নীতিমালা অনুযায়ী এ রোগের চিকিৎসা শুরু করা হয়েছে। এছাড়া গত ২৭ নভেম্বর তাঁর অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার চিকিৎসা এখনও চলছে। শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ শনাক্ত হওয়ায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ প্রয়োগ করা হচ্ছে।

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

মেডিকেল বোর্ড গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে—অযাচিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে বোর্ডের অফিসিয়াল আপডেটের ওপর আস্থা রাখতে এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করতে।

error: Content is protected !!