ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে গণতান্ত্রিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’র মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই নির্বাচনে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে গণতান্ত্রিক প্রতিযোগিতা।”

এদিকে দীর্ঘ ৪ মাস ৯ দিনের টানাপড়েন শেষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীকের বিষয়ে সম্মতি দিয়েছে এনসিপি।

পাটওয়ারী আরও জানান, “আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি — এই তিনটি প্রতীক ইসিতে প্রস্তাব করেছিলাম। শেষ পর্যন্ত শাপলা কলি প্রতীক পেলে এনসিপি সেটিই গ্রহণ করবে।”

জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও গডফাদারদের রাজনীতি থেকে সরে আসে, তাহলে আমরা জোটে যেতে পারি।”

এ সময় আসন্ন নির্বাচনে গণভোট ও ভোটগ্রহণ যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়—সে দাবি জানান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

error: Content is protected !!