নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। এর আগে বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এই পাশবিক ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মতিবুল ইসলাম (৩০)। তিনি মইশড় গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার বিকেলে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যান প্রতিবেশী মতিবুল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে ফিরে তার ফুপুকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ জেলা সদর হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “চিকিৎসকেরা শিশুটিকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। খবর পাওয়ার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মতিবুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।