প্রতিদিন নতুন রেকর্ড গড়লেও দেশের বাজারে সোনার দামে এবার যেন ‘আগুন’ লেগেছে। শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ২৪ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর সোনা সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়। তবে মাঝখানে গত বুধবার (৩১ ডিসেম্বর) দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছিল এই মূল্যবান ধাতু।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই সোনার দাম বৃদ্ধির পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে সোনার বার্ষিক মূল্যবৃদ্ধি ছিল ৬৪ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত এবং বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতের আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকেই বেশি ঝুঁকছেন।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “২০২৫ সালে সোনার যে শক্তিশালী উত্থান দেখা গেছে, তার ধারাবাহিকতাতেই ২০২৬ সাল শুরু হয়েছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সোনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হচ্ছে।”
বাজার পর্যবেক্ষকদের ধারণা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতেও সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে।