ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পদ্মপাড়া এলাকার নিলুফা ভবনে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ২২০ টাকাসহ তিনজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নবীনগর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় নিলুফা ভবনের একটি ভাড়াটিয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মুক্তার হোসেন বাবু (৩৬), পিতা জীবন মিয়া, খাজানগর, নবীনগর পৌরসভা ৩নং ওয়ার্ড;
আয়েশা বেগম (৩০), স্বামী মুক্তার হোসেন বাবু;
মাহবুব (৩৫), পিতা আব্দুল্লাহ হাই, নবীনগর পৌরসভা ২নং ওয়ার্ড।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিলুফা ভবনের ভাড়াটিয়া মুক্তার হোসেন বাবুর ফ্ল্যাট থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মুক্তার হোসেন বাবু দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।