ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে কাজী নাজমুল হোসেন তাপসকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের তাকে কেন্দ্র করে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, একই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।