নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ

দেশ এডিশন | ক্রীড়া ডেস্ক:
প্রকাশ: ১ মাস আগে

ক্রীড়া ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (আজ) এক ই-মেইল বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি অবহিত করে বিসিবি। মেইলে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদনও জানানো হয়েছে।

জানা গেছে, রবিবার বিসিবির বোর্ড পরিচালকদের এক সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়—ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল।

এর আগে ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে মুস্তাফিজকে দল ছাড়তে বাধ্য করা হয়। এ ঘটনায় দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দলের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয় বলে মত দেন অনেকে।

এ বিষয়ে শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি ক্রিকেট বোর্ডকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে নির্দেশ দিয়েছেন।

error: Content is protected !!