ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শেরপুর–১ (সদর) আসনে দেখা গেল ভিন্নধর্মী নির্বাচনী আয়োজন। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে যৌথ ইশতেহার পাঠ অনুষ্ঠান।
“গণভোট–২০২৬, সংসদ নির্বাচন; দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যে বুধবার (২৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর সদর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণবিধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
এরপর পর্যায়ক্রমে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহার পাঠ করেন—
বিএনপির ধানের শীষ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) মো. শফিকুল ইসলাম মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ
স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ) মো. ইলিয়াছ উদ্দিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. লিখন মিয়া
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে মো. আশরাফ আলী
ইশতেহার পাঠ শেষে বক্তব্যে ইউএনও মাহবুবা হক বলেন, এক মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতি ও মত প্রকাশ একটি ইতিবাচক ও নতুন রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।