নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে উদযাপিত হলো নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’

মোহাম্মদ জাকির ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ডিউটিতে নিয়োজিত ফোর্সদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

শেরপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও এই দুই দিনব্যাপী তীর্থ উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হলো উৎসবকে নিশ্ছিদ্র নিরাপত্তায় সম্পন্ন করা। পেশাদারিত্ব এবং আন্তরিকতার মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে মিশন কর্তৃপক্ষ বলে—‘এবারের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের আচরণ সর্বোত্তম।’”

পুলিশ সুপার আরও নির্দেশ দেন, প্রত্যেককে নিজ নিজ ডিউটি পয়েন্টে সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ বা বস্তু নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে, ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা পাহাড়ি উপত্যকায় বারোমারী মিশন অবস্থিত। ফাতেমা রাণীর তীর্থস্থানটি ১৯৯৭ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে স্থাপিত হয় এবং সেদিন থেকে প্রতিবছর এখানে তীর্থ উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজারো ভক্ত আগমন করেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; ময়মনসিংহ ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব শুভাশীষ ধর; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম; নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা; ওসি, ডিবি জনাব মোঃ রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

তীর্থ উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি তৎপরতার মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করা হচ্ছে।

error: Content is protected !!