নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে হত্যা

মাওলানা ফরহাদ হোসাইন আশরাফী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নোয়াখালীবেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা করায় আরিফকে প্রথমে বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকানে মারধর করা হয়।

এরপর শুক্রবার সন্ধ্যায় রগুরামপুর গ্রামে তার ওপর পুনরায় হামলা চালায় একদল কিশোর। একপর্যায়ে তাকে বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

error: Content is protected !!