নোয়াখালীতে বিএনপি-শিবির সংঘর্ষে আহত ২৫, পরিকল্পিত হামলার অভিযোগ বিএনপির

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৪ মাস আগে


নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, গত শনিবার জামায়াত-শিবির কাশেমবাজার জামে মসজিদে কোরআন শিক্ষার কর্মসূচির আড়ালে শিশু-কিশোরদের দিয়ে সদস্য ফরম পূরণ করাচ্ছিল। স্থানীয় যুবদল সভাপতি ও কয়েকজন মুসল্লি প্রতিবাদ জানালে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, ঘটনার সমাধান প্রক্রিয়াধীন থাকা অবস্থায় রোববার বিকেলে জামায়াত-শিবির পুনরায় মসজিদে কর্মসূচি আয়োজন করে এবং বাইরের লোকজন এনে দলীয় স্লোগান দেয়। মুসল্লিরা আপত্তি জানালে বিএনপি কর্মীরা শান্তি বজায় রাখতে গেলে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।

বিএনপি দাবি করেছে, তাদের কেউ আগে হামলা করেনি; বরং মুসল্লিদের ক্ষোভ নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা করেছেন। দলের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বিএনপির অভিযোগকে “ভিত্তিহীন” বলে দাবি করেন। তিনি বলেন, “দারসে কোরআন কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরাই সেখানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

error: Content is protected !!