চট্টগ্রামের পটিয়ায় একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি এলাকার ‘থ্রি স্টার’ বিল্ডিংয়ের পঞ্চম তলার একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া পটিয়ার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়ার আলী তালুকদার বাড়ি এলাকার কদম আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার সাব্বির আহমেদ আরজুর সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।