পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) এলাকায় এক কলেজছাত্রীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জেলে ও সেনাসদস্যদের দ্রুত উদ্যোগে শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থী তানজিলা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপের পরিস্থিতিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সহায়তার উদ্যোগ নেন এবং লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যরা বিষয়টি জানতে পেরে জেলেদের নৌকার সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, শিক্ষার্থী কিছুটা আঘাত পেলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।