খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পানছড়ি উপজেলার সাব-জোনের ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, নুডলস, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে পানছড়ি সাব-জোনের কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।