পায়রা সেতুর টোল প্লাজায় বাস তল্লাশি: পাঁচ ডোল জাটকা উদ্ধার

প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ ডোল (প্রায় ৫ মন) জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা–ঢাকা রুটের ‘মুন পরিবহন’ নামের একটি দূরপাল্লার বাস তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় বাসের ভেতরে বস্তাবন্দী অবস্থায় জাটকা ইলিশ পাওয়া যায়। পরে জব্দকৃত জাটকা পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।
এ বিষয়ে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা আটকের তথ্য কোস্ট গার্ড থেকে তাকে জানানো হয়েছে। তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়—তবে এই ঘটনায় তা সরাসরি ক্যাম্পে নেওয়া হয়েছে।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছেই হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নেওয়ার বিষয়টি তিনি স্পষ্টভাবে জানেন না বলে উল্লেখ করেন।
মৎস্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত জাটকা ইলিশ রাতেই জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

  • মোঃ মেহেদী হাসান
  • error: Content is protected !!