ঢাকাসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম আবারও ওঠানামা করছে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে গত রবিবার একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। কিন্তু রাজধানীসহ দেশের খুচরা বাজারে এখনও সেই তুলনায় দাম কমেনি।
ঢাকার বিভিন্ন বাজারে দেখা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুরোনো পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা দরে। মুগদা-মানিকনগর বাজারে দাম ১৩০ থেকে ১৪০ টাকা, তবে হাতিরপুলে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু দোকানদার বলছেন, যারা পাইকারি বাজার থেকে কম দামে পেঁয়াজ এনেছেন, তারা তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে পারছেন।
এক সপ্তাহ আগে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, দেশের কৃষকদের কথা বিবেচনায় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়নি। তিনি বলেন, “কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে চাষে ফিরে যাবেন না। তাই আমাদের সবসময় কৃষকদের দিকে নজর রাখতে হবে।”
অন্যদিকে, এক শ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দুই-তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে ১৫০ টাকায় নিয়ে যায়। তবে কৃষি মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতির ঘোষণা আসার পর পাইকারি বাজারে দাম আবার কমেছে। এখন ঢাকাসহ দেশের খুচরা বাজারে দাম কমার অপেক্ষা চলছে।