ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হোমনা ওভার ব্রিজের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন এবং হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর কর্মী-সমর্থকদের নিয়ে গাড়িবহরসহ শ্রিমদ্দির দিকে যাচ্ছিলেন। এ সময় হোমনা ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”