ফেব্রুয়ারিতে কমলো গ্যাসের দাম, স্বস্তির আশা ভোক্তাদের

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্য সমন্বয়ের সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল।

এলপিজির দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সম্প্রতি সরকার বেশ কিছু কর ছাড় দেয়। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়। পাশাপাশি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব সিদ্ধান্তের প্রভাবেই এবার এলপিজির দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।

দাম কমায় স্বস্তি ফিরবে ভোক্তা পর্যায়ে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

error: Content is protected !!