ফ্যামিলি কার্ডের টাকার নিশ্চয়তা কোথায়? প্রশ্ন আখতার হোসেনের

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

একটি রাজনৈতিক দল ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বললেও সেই টাকার সঠিক বণ্টনের কোনো নিশ্চয়তা নেই—এমন মন্তব্য করেছেন আখতার হোসেন। তিনি বলেন, বাস্তবতা হলো—দেশের বহু বিধবা মা এখনো বিধবা ভাতার টাকা নিয়মমতো পান না। সেখানে নতুন করে ফ্যামিলি কার্ডের টাকা দেওয়া হবে—এর গ্যারান্টি কোথায়?

রোববার দুপুরে পীরগাছা উপজেলার কুর্শা ইউনিয়নের মাটির জুম্মা এলাকায় আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টি–এর সদস্য সচিব এবং রংপুর–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি বলেন, গরিব, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবাদের জন্য ভাতা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে এসব ভাতা পেতে মানুষকে চরম ভোগান্তি ও অপমানের শিকার হতে হয়। বয়স ৭০ বছর হলেও, প্রতিবন্ধী হলেও কিংবা স্বামীহারা হলেও অনেককে ভাতার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, ভাতা যেন নেতার অনুগ্রহে নয়, বরং মানুষের ন্যায্য অধিকার হিসেবে পৌঁছে যায়—এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চান তারা। আল্লাহ যদি তাকে শাপলা কলি প্রতীকে বিজয়ী করেন, তাহলে গরিব, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবাদের প্রাপ্য ভাতা যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে কোন মন্ত্রণালয়ের কী দায়িত্ব—তা বোঝার জন্য একটি বিশেষ টিম গঠন করবেন। সেই টিম রংপুর এলাকার ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে। তিনি গ্রামাঞ্চলের ভাঙাচোরা রাস্তার কথাও তুলে ধরে বলেন, বর্ষা মৌসুমে নির্বাচন হলে জনগণ অনেক নেতাকেই এলাকায় ঢুকতে দিত না।

ভোট কেনাবেচার সংস্কৃতির সমালোচনা করে আখতার হোসেন বলেন, ভোটের আগের রাতে টাকা দিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু পাঁচ বছর পরে সেই নেতার কাছে গেলে জনগণ কিছুই পায় না। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণকে অত্যন্ত সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শেষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে তার পরিকল্পনার কথা তুলে ধরতে অনুরোধ জানান এবং সেগুলো ভালো লাগলে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোটি টাকার নির্বাচন করার সামর্থ্য তার নেই এবং সেটি করাও উচিত নয়—মানুষের বিশ্বাসই তার মূল শক্তি।

error: Content is protected !!