বনগাঁও সীমান্ত থেকে ধরা পড়ল হাদি হত্যা মামলার মূল আসামি

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১ দিন আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেপ্তার হাদি হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দেবে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী মামলার তদন্ত জোরদার করে। সর্বশেষ ভারতের পশ্চিমবঙ্গে প্রধান আসামিসহ দুজনের গ্রেপ্তারের ঘটনায় মামলার তদন্তে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

error: Content is protected !!