বরিশালে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনে কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ সতর্কবার্তা দেন। সভায় বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স টিম ও অবজারভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের গোপনীয়তা বা লুকোছাপা বরদাস্ত করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও নির্বাচন কমিশন দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কেবল নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দায়িত্ব পালনের সময় ছোট দল, বড় দল, প্রভাবশালী বা কম পরিচিত—সব প্রার্থীকে আইনের চোখে সমানভাবে বিবেচনা করতে হবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্দেশনার পরও কেউ যদি নিরপেক্ষ থাকতে ব্যর্থ হন এবং পক্ষপাতিত্ব প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ছাড় দেবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তিনি দৃঢ় থাকার আহ্বান জানিয়ে বলেন, শক্ত অবস্থান নিলে কেউ সুযোগ নিতে পারবে না। তবে পরিস্থিতি সামাল দিতে কেবল বল প্রয়োগ নয়, প্রয়োজনে সমন্বিত ও মধ্যপন্থী কৌশলও গ্রহণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন। এছাড়া জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।