বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ভিজিটর ও স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

সোমবার সকালে মার্কিন দূতাবাস ঢাকা–এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণকারী দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিক এই স্থগিতাদেশের আওতায় পড়বে।
তবে দূতাবাস স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, ব্যবসা বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে যারা ভিজিটর বা ট্রাভেল ভিসার জন্য আবেদন করতে চান, তারা আগের নিয়মেই ভিসা সুবিধা পাবেন।

এছাড়া ভিসা আবেদন গ্রহণ, নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণ এবং দূতাবাসে সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের উদ্দেশ্যে ভিসা প্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

error: Content is protected !!