বান্দরবানে রমজানে শতাধিক পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান
প্রকাশ: ৪ ঘন্টা আগে

পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলা সদর ও আশপাশের এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বান্দরবান শহরের এমডিএস মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-(ত্রি) ক্যাপ্টেন সামিউল ইসলাম (ইন্টঃ) উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আয়োজক সূত্র জানায়, পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে দ্বিতীয় দফায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১০০টি অসহায় পরিবার ও একটি এতিমখানার মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সম্প্রতি শহরের উজানীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তাও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে এবং কঠিন সময়ে সেনাবাহিনী পাশে থাকায় তারা স্বস্তি পেয়েছেন।

error: Content is protected !!