বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কাজী নাজমুল হোসেন তাপস

মাজহারুল ইসলাম বাদল | ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের যশাতুয়া নিজ গ্রামে বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের চারবারের সাবেক এমপি, বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। মরহুমের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত কবর জিয়ারত শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর জন্যও বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি—মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

তিনি আরও বলেন, “আপনারা আগেও আমার সঙ্গে ছিলেন, আশা করি এখনও থাকবেন। ২০১৮ সালের নির্বাচনে নানা বাধা, মামলা ও হামলার মধ্যেও আপনারা আমাকে একা করে যাননি। আমি তা ভুলিনি। এখনও আমাকে ছেড়ে যাবেন না। ইনশাআল্লাহ, আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আপনারাই আমার শক্তি, আমার মনোবল।”

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!