বিএনপি সরকারের তিন দিনের মাথায় ভারতীয়দের ভিসা দেওয়া শুরু, কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র তিন দিনের মাথায় বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় ভিসা কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা চালু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। হাই কমিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বিরতির পর স্বাভাবিক নিয়মেই ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে।

এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের পক্ষ থেকেও জানানো হয়, খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে গত বছরের ডিসেম্বরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর প্রকাশের পর ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ ও ঢিল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় অবস্থিত মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফল ঘোষণার পর টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, ভারতীয় ভিসা কার্যক্রম খুব দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তার ঘোষণার একদিন পরই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হওয়ায় বিষয়টিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

error: Content is protected !!