মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা খন্দকার আকবর হোসেন বাবলুর কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
শিবালয় থানার ওসি এসএম আমানউল্লাহ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু এবং জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক (বহিস্কৃত) তোজাম্মেল হক তোজা মানিকগঞ্জ-১ আসনের জন্য মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর পর রাতে খন্দকার আকবর হোসেন বাবলুর কর্মী-সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেন।
ওসি আরও জানান, তোজাম্মেল হক তোজা ও তার অনুসারীরাও সমাবেশ করেছেন, কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।