বিদেশে কাজের প্রলোভন, দেশে কান্না—অসহায় পরিবারের আহাজারি

মো. সাহাজান আলী | গাংনী উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

মেহেরপুরের গাংনীতে এক আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে একটি অসহায় পরিবার। প্রবাসে পাঠানোর নামে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী প্রবাসীর পিতা-মাতা।

অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী প্রবাসীর বাবা কামাল হোসেন গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মেহেরপুরের গাংনী মোকাম বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় গাংনী উপজেলার হিন্দা গ্রামের খলিলুর রহমানের ছেলে আদম ব্যবসায়ী ফজলুর রহমান ও শিহাব হোসেনকে আসামি করা হয়।

মামলাটি সি আর-১০৮৯/২০২৫ নম্বরে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩–এর ৩১/৩৩/৩৪/৩৫/৩৬ ধারায় দায়ের করা হয়। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আজ আসামিরা আদালতে হাজির হয়ে মীমাংসার কথা উল্লেখ করে জামিন আবেদন করলে আদালত শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এদিকে ভুক্তভোগী কামাল হোসেন সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়ে তার ছেলের সন্ধান ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, আদম ব্যবসায়ী ফজলুর রহমান সৌদি আরবে ফুড ডেলিভারি (মোটরবাইক) পদের দুই বছরের কাজের নিশ্চয়তা দিয়ে আব্দুল মোত্তালেবের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। প্রায় চার মাস আগে প্রতারণার মাধ্যমে কামাল হোসেনের ছেলে মোত্তালেব হোসেনকে বিদেশে পাঠানো হয়।

সৌদি আরবে নিয়ে যাওয়ার পর তাকে কোনো কাজ না দিয়ে একটি ঘরের মধ্যে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ছেলের দুর্দশার কথা শুনে বাধ্য হয়ে কামাল হোসেন একটি গরু বিক্রি করে পুনরায় এক লাখ টাকা প্রদান করেন। এরপরও ছেলেকে কোনো কাজ দেওয়া হয়নি এবং তাকে খাবার ও পানিবিহীন অবস্থায় আটকে রাখা হয়েছে বলে পরিবারটির অভিযোগ।

এদিকে ছেলের কোনো খোঁজ না পেয়ে প্রবাসী মোত্তালেব হোসেনের মা তানজিলা খাতুন গত ১৫ দিন আগে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পার হলেও থানার পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পরিবার তাদের সন্তানের নিরাপদ প্রত্যাবর্তন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

error: Content is protected !!