বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১ ঘন্টা আগে

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদের মা হুরুন নাহার রশীদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক শোকবার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মহাসচিব বলেন, হুরুন নাহার রশীদের মৃত্যুতে তিনি শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন। তিনি মরহুমাকে একজন আদর্শ নারী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সবসময় তার রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন—সে দোয়া করেন।

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় হুরুন নাহার রশীদ (৮৩) ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হুরুন নাহার রশীদ সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতিকে রেখে গেছেন।

এদিকে তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, মরহুমার জানাজা আজ আছর নামাজের পর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

error: Content is protected !!