দেশ এডিশন (সিলেট) ডেস্ক:
বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত পাথর ব্যবসার অফিসে অভিযান চালিয়ে একটি ১২ বোরে রূপান্তরিত একনলা এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার বিকেলে র্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার বড়গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অফিসের উত্তর-পূর্ব কোণে ছাপা কালো-খয়েরি কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি মূলত একটি একনলা এয়ারগান, যা বহনযোগ্য ও নাশক কাজে ব্যবহারযোগ্য করার উদ্দেশ্যে ১২ বোর শর্টগান কার্টিজ উপযোগী করে রূপান্তর করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অস্ত্রটিতে মরিচা ধরে গেছে। উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানিয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক, জঙ্গি, চাঁদাবাজি, হত্যা মামলা, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ২৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে। র্যাবের দাবি, এসব অভিযানে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হয়েছে।