জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বিরল এক রোগে আক্রান্ত হয়ে মুখে অস্ত্রোপচার করাতে বাধ্য হন। চিকিৎসকদের পরামর্শে তার মুখের টিউমার অপসারণের জটিল এই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন এবং বিশ্রামে রয়েছেন।
গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতা ও আসন্ন অস্ত্রোপচারের খবরটি নিজেই জানান স্পর্শিয়া। এরপর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্পর্শিয়া জানান, “অপারেশন সাকসেসফুল। টিউমার হয়েছিল। বেশ জটিল অপারেশন ছিল। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগবে। আপাতত কিছুদিন আমাকে হাসপাতালে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “সবকিছুই ঠিকঠাক চলছিল। মাসখানেক আগে নিয়মিত শারীরিক পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারি এই বিরল রোগের কথা। চিকিৎসকের পরামর্শে ভর্তি হই এবং পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ অক্টোবর অস্ত্রোপচার সম্পন্ন হয়।”
চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, স্পর্শিয়াকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় কথা বলা নিষেধসহ খাবারের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ মানতে বলা হয়েছে তাকে। তবে তিনি তরল খাবার গ্রহণ করতে পারছেন এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সীমিত যোগাযোগ রাখছেন।
হাসপাতাল থেকে জানিয়ে তিনি বলেন, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। অভিনয়ের ব্যস্ত সময়ের মধ্যেই হঠাৎ এভাবে অসুস্থ হওয়ায় কাজের গতি কিছুটা থেমে গেছে। ওয়েব সিরিজ ও সিনেমাসহ কয়েকটি কাজের ব্যাপারে কথা হয়েছিল, কিন্তু এখন সেগুলো স্থগিত রাখতে হচ্ছে। সুস্থ হওয়ার পর আবার কাজে ফিরব।”
এর আগে, ৭ অক্টোবর এক ফেসবুক পোস্টে স্পর্শিয়া লিখেছিলেন,
“আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ শনাক্ত হয়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগ মুহূর্তের চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অস্ত্রোপচার হবে। আপনারা বুঝতেই পারছেন, এ অবস্থায় আমার পক্ষে কারো সঙ্গে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।”
ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং স্পর্শিয়ার শিগগিরই পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছে